সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াত নেতা আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা-৬ আসনের সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে টাকা দিয়ে ভোট কেনার সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে বসে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন মো. হাবিব। তার এই সন্দেহজনক কর্মকাণ্ড দেখে স্থানীয় এলাকাবাসী তাকে ঘিরে ফেলেন এবং টাকা বিতরণের সময় হাতেনাতে ধরে ফেলেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি উপস্থিত সাক্ষী এবং স্থানীয়দের জবানবন্দি গ্রহণ করেন এবং ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হন। নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে নগদ অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার অপরাধে ম্যাজিস্ট্রেট তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায়।

ভোটের আগের দিন প্রকাশ্য দিবালোকে এভাবে টাকা বিতরণের ঘটনায় সূত্রাপুরের সাধারণ ভোটারদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অর্থের বিনিময়ে জনমত পাল্টে দেওয়ার চেষ্টা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তারা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চলুন