‘ও রোমিও’ ছবিতে পারিশ্রমিক ছাড়াই তামান্না

বলিউড অভিনেতা শহিদ কাপুর ও ‘ন্যাশনাল ক্রাশ’ তৃপ্তি দিমরিকে প্রথমবারের মতো বড় পর্দায় জুটিবদ্ধ করেছেন প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ। ছবির নাম ‘ও রোমিও’। ১৩ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির কাস্টিং নিয়ে শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। কারণ এই ছবিতে দিশা পাটানি, অভিনাশ তিওয়ারি, ফরিদা জালাল এবং নানা পাটেকরের মতো শক্তিশালী সব অভিনয়শিল্পীরা রয়েছেন। তবে সম্প্রতি নির্মাতা বিশাল ভরদ্বাজ এক সাক্ষাৎকারে এমন এক তথ্য ফাঁস করেছেন, যা শুনে মুগ্ধ সিনেমাপ্রেমীরা।

 ‘টুয়েলভথ ফেল’ ছবির বিশাল সাফল্যের পর বিক্রান্ত ম্যাসি এখন বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন তারকা। বিশাল ভরদ্বাজ জানান, বিক্রান্ত যখন বড় তারকা হয়ে ওঠেননি, ক্যারিয়ারের শুরুর দিকে তখনই তিনি এই ছবিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাধারণত বড় সাফল্যের পর অনেক অভিনেতাই পুরনো ছোট প্রজেক্ট বা প্রতিশ্রুতি ভুলে যান, কিন্তু বিক্রান্ত ব্যতিক্রম। বিশাল বলেন, “বিক্রান্ত তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। বড় তারকা হওয়ার পরও যখন আমি পুনরায় তার সঙ্গে যোগাযোগ করি, তিনি সানন্দে বিনাপারিশ্রমিকে কাজ করতে রাজি হন।”

ছবির বাজেট সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এগিয়ে এসেছেন দক্ষিণ ও উত্তরের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াও। বিশাল ভরদ্বাজ জানান, তামান্নার চরিত্রটি ছবিতে দৈর্ঘ্যের দিক থেকে ছোট হলেও গল্পের মোড় ঘোরানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশাল বলেন, “বাজেটের সীমাবদ্ধতা জেনেও তামান্না কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করতে রাজি হন। এমনকি প্রাথমিক পরিকল্পনার চেয়েও বেশি সময় দিয়ে প্রায় ১২ দিন শুটিং করেছেন তিনি।” শুধু তাই নয়, নিজের চরিত্রটিকে নিখুঁত করতে তামান্না নিয়মিত ওয়ার্কশপ ও রিহার্সালেও অংশ নিয়েছেন। তার এই নিবেদন ছবির গুণগত মানকে অনেক সমৃদ্ধ করেছে বলে মনে করেন নির্মাতা।

 ‘ও রোমিও’ ছবিটি মূলত রোমান্টিক ড্রামা ঘরানার। শহিদ কাপুরের অভিনয়ের ধার এবং তৃপ্তি দিমরির সতেজ উপস্থিতি দর্শকদের নতুন কিছু উপহার দেবে বলে আশা করা হচ্ছে। বিশাল ভরদ্বাজের ট্রেডমার্ক ডার্ক হিউমার আর গভীর আবেগের মিশেল এই ছবিতেও থাকবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। দীর্ঘ বিরতির পর পর্দায় নানা পাটেকরের উপস্থিতি ছবিটির বড় একটি প্রাপ্তি।

সব মিলিয়ে একঝাঁক প্রতিভাবান তারকার সমাগমে ‘ও রোমিও’ চলতি বছরের অন্যতম সেরা রোমান্টিক ছবি হতে যাচ্ছে। আর বিক্রান্ত ও তামান্নার এই ‘প্রফেশনাল উদারতা’ ইন্ডাস্ট্রিতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চলুন