উত্তেজনায় সারা রাত ঘুমই হয়নি, জনপ্রিয় অভিনেত্রী প্রভার

উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মহোৎসব। সাধারণ মানুষের পাশাপাশি নিজের নাগরিক অধিকার প্রয়োগে পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজের ভোট দিতে পাড়ি জমিয়েছেন নিজ জেলা শরীয়তপুরে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে শরীয়তপুরের একটি কেন্দ্রে ভোট প্রদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। এ সময় তার চোখেমুখে ছিল ঈদ উৎসবের মতো আনন্দ আর উচ্ছ্বাস।

ভোট দেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রভা বলেন, “পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে, এই উত্তেজনায় কাল রাতে আমি মোটেও ঘুমাতে পারিনি।”

ঢাকায় থাকার সুযোগ থাকলেও কেন গ্রামে গিয়ে ভোট দিলেন, তার ব্যাখ্যায় প্রভা জানান একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়বদ্ধতার কথা। তিনি বলেন, “অনেকে বলেছিলেন ছুটির দিন, তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই নিজের শিকড়ে, নিজের এলাকায় ছুটে আসা।”

ভোট দেওয়ার পর নিজের আগামীর প্রত্যাশার কথা জানান প্রভা। তিনি একটি অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক মেলবন্ধনের বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার ভাষায়, “আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর চেতনা, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ—এই চিরচেনা রূপগুলো আমি সবসময় দেখতে চাই। পাশাপাশি অন্য ধর্মের মানুষও যেন তাদের উৎসবগুলো শান্তিতে পালন করতে পারে, এমন একটি সম্প্রীতিময় বাংলাদেশই আমার প্রত্যাশা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চলুন