আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢালিউড সুপারস্টার শাকিব খান নিয়ে আসছেন তার নতুন চমক ‘রকস্টার’। সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই বিনোদন পাড়ায় শুরু হয়েছে তুমুল উত্তেজনা। তবে সবচেয়ে বড় কৌতূহল তৈরি হয়েছে সিনেমার নায়িকা নিয়ে। গুঞ্জন শোনা যাচ্ছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাকে। তবে চমক এখানেই শেষ নয়; দ্বিতীয় নায়িকা হিসেবে কোনো পাকিস্তানি শীর্ষ তারকার নামও শোনা যাচ্ছে।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ‘রকস্টার’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তানজিয়া জামান মিথিলার সঙ্গে ইতোমধ্যেই কয়েক দফা মিটিং করেছেন পরিচালক আজমান রুশো। চরিত্রটি মিথিলার পছন্দ হয়েছে এবং তিনি কাজটির ব্যাপারে ইতিবাচক। তবে তাকে প্রধান নায়িকা নাকি দ্বিতীয় নায়িকা হিসেবে দেখা যাবে—তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
একটি বিশ্বস্ত সূত্র ইঙ্গিত দিয়েছে, ‘রকস্টার’-এর প্রধান নায়িকার চরিত্রটি অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শাকিব খানের বিপরীতে আন্তর্জাতিক আবেদন তৈরি করতে পাকিস্তানের কোনো শীর্ষস্থানীয় অভিনেত্রীকে কাস্ট করা হতে পারে। বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়ে থাকলেও নির্মাতা পক্ষ এখনই কোনো নাম প্রকাশ করে চমক নষ্ট করতে চাচ্ছেন না।
নায়িকা নির্বাচন প্রসঙ্গে পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে বলেন, “নায়িকা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আমরা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রধান ও দ্বিতীয় নায়িকার নাম ঘোষণা করব। সবকিছু চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না, তবে দর্শকদের জন্য বড় চমক থাকছে এটুকু নিশ্চিত।”
বর্তমানে ঢালিউড কিং শাকিব খান ব্যস্ত রয়েছেন তার অন্য একটি বিগ বাজেট সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং নিয়ে। জানা গেছে, ‘প্রিন্স’-এর কাজ শেষ করে দুই সপ্তাহের একটি সংক্ষিপ্ত বিরতি নেবেন তিনি। এই বিরতির পরপরই শুরু হবে ‘রকস্টার’-এর দৃশ্যধারণ। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়েই দ্রুতগতিতে এগোচ্ছে প্রি-প্রোডাকশনের কাজ।
শাকিব খানের সিনেমায় ইদানীং বৈচিত্র্যময় কাস্টিং দেখা যাচ্ছে। ভারতের পর এবার কি তবে পাকিস্তানের নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন তিনি? এমন প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবিয়ানদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। যদি শেষ পর্যন্ত পাকিস্তানি কোনো তারকা যুক্ত হন, তবে ‘রকস্টার’ যে দক্ষিণ এশিয়াজুড়ে আলোচনার জন্ম দেবে, তা বলার অপেক্ষা রাখে না।
