ভোট দিতে কেন্দ্রে মা, পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোট উৎসবের দিনে নেমে এলো শোকের ছায়া। নির্বাচনি আমেজের মধ্যে গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে পানিতে ডুবে হাসান নামের তিন বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খোরদ গ্রামে। নিহত হাসান হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী তার যমজ দুই সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। গতকাল সকালে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হলে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও ভোট দিতে কেন্দ্রে যান। যমজ দুই শিশুকে বাড়িতে পরিবারের অন্য সদস্যদের পাহারায় রেখে যান তিনি।

ভোট দিয়ে ফিরে এসে মা দেখতে পান ঘরে হুসাইন থাকলেও হাসান নিখোঁজ। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের নিয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

ভোটের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হয়েছে পরিবারটিতে। যমজ দুই ভাইয়ের মধ্যে একজনকে হারিয়ে মা এখন নির্বাক। স্থানীয়রা জানান, নির্বাচনি ডামাডোলে পরিবারের সবার অগোচরেই শিশুটি পুকুরের পাড়ে চলে গিয়েছিল।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বাড়ির পাশে একটি ডোবা বা পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চলুন